বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার ফরিদা শহীদ। আগামী ২৩ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে এ সফরে ফরিদা শহীদ দেশের সবার জন্য মানসম্মত, সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অধিকার বাস্তবায়নের অগ্রগতি ও চ্যালেঞ্জ পর্যালোচনা করবেন।
সফরে বিশেষভাবে বৈষম্য ছাড়াই মানসম্মত সরকারি শিক্ষায় প্রবেশাধিকারের সুযোগ এবং শিক্ষা খাতে অর্থায়নের বিষয়টি গুরুত্ব পাবে।
বাংলাদেশে অবস্থানকালে সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, সুশীল সমাজ ও এনজিও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘের এই বিশেষ র্যাপোর্টিয়ার।
এ ছাড়া সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষাবিদ, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গেও তিনি মতবিনিময় করবেন।