‘ভুবন মাঝি’ খ্যাত নির্মাতা ফাখরুল আরেফীন খানের দ্বিতীয় চলচ্চিত্র ‘গণ্ডি’র শেষ লটের দৃশ্যধারণ শুরু হবে আসছে সেপ্টেম্বরে। এতে অংশ নিয়ে ৩১ আগস্ট ঢাকায় আসছেন কলকাতার প্রখ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। চলতি বছরের শুরুতে লন্ডন ও মার্চে কক্সবাজারের ‘গণ্ডি’ ছবির কিছু অংশের চিত্রায়ণ করে এসেছেন নির্মাতা। এবার ঢাকাতেই চলবে এই ছবির ক্যামেরা।
ফাখরুল আরেফীন খান জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে টানা ১২ দিন ঢাকার বেশ কয়েকটি লোকেশনে ছবিটির দৃশ্যধারণ হবে। সেখানে থাকবেন ‘ফেলুদা’খ্যাত সব্যসাচী, সুবর্ণা মুস্তাফাসহ আরো অনেকে।
রোমান্টিক-কমেডি ঘরানার চলচ্চিত্র ‘গণ্ডি’র কাহিনি এগিয়ে যাবে মূলত ৫৫ ও ৬৫ বছর বয়সী দুজন নারী-পুরুষের গল্প নিয়ে। এই বয়সী দুজন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টিকে কিভাবে নেয়, এটাই উঠে আসবে চলচ্চিত্রটিতে। বাংলাদেশের এই ছবিতে অভিনয় প্রসঙ্গে সব্যসাচী চক্রবর্তী বলেন, ‘ছবির মুখ্য চরিত্রে অভিনয় করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। গত মার্চে বাংলাদেশের কক্সবাজরে ছবিটির কিছু অংশের চিত্রায়ণ হয়েছে। এবারের পুরো ছবির দৃশ্যধারণ হবে। আশা করছি, বেশ ভালো একটি চলচ্চিত্র হবে। পাশাপাশি এই ছবিতে আমার সহশিল্পী হিসেবে আমি পেয়েছি বাংলাদেশের গুণী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে।’ সুবর্ণা মুস্তাফা বলেন, ‘ছবিটির বিষয় বৈচিত্র্য ভালো। পাশাপাশি একদল তরুণ এই ছবির পেছনে কাজ করছেন। তারা প্রত্যেকেই ছবিটির জন্য যথেষ্ট পরিশ্রম করছেন। এমন গল্পের ছবিটি দর্শকের কাছে ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’ ‘গণ্ডি’ ছবিতে আরো অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, আমান রেজা প্রমুখ।