একই চলচ্চিত্রে তাসকিন ও পূজা

প্রথমবারের মতো তাসকিন রহমান ও পূজা চেরী অভিনয় করছেন এম রহিম পরিচালিত ‘শান’ চলচ্চিত্রে। এই ছবিতে পূজা অভিনয় করছেন রিয়া চরিত্রে এবং তাসকিন রহমান অভিনয় করছেন হিরো মতিন চরিত্রে। এরইমধ্যে সিনেমার শুটিং শুরু হয়েছে। আগামী নভেম্বরে পরবর্তী লটের কাজ হবে বলে জানান তাসকিন-পূজা। পূজার সঙ্গে অভিনয় প্রসঙ্গে তাসকিন বলেন, ‘আমি একটি দীর্ঘ সময়ের জন্য অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে এসেছি ভালো ভালো কিছু সিনেমায় কাজ করার জন্য। প্রথম সিনেমা থেকেই আমি দর্শক ভক্তের কাছ থেকে যে ভালোবাসা, অনুপ্রেরণা পেয়েছি তাতে আমার মনে হয়েছে আমাকে আরো অনেক ভালো ভালো কাজ করতে হবে। আমি আমার বর্তমান অবস্থান নিয়ে সন্তুষ্ট। পূজার সঙ্গে প্রথম একই সিনেমায় অভিনয় করছি। খুউব ভালো একজন মানুষ পূজা। চমত্কার অভিনয়ও করে। আমাদের মধ্যে কাজের একটা ভালো বোঝাপড়াও হয়েছে এরমধ্যে। আমরা সত্যিই অনেক মজার মধ্যদিয়েই কাজটি করছি।’ পূজা বলেন, ‘পর্দায় যে তাসকিন ভাইকে দর্শক শুরুতেই দেখেছেন সেই মানুষটিই বাস্তবে অনেক ভালো মনের একজন মানুষ। তার ভেতরে সবসময়ই একটা বাচ্চা সুলভ আচরণ কাজ করে। নিঃসন্দেহে খুউব ভালো একজন অভিনেতাও বটে। আমাদের দুজনের একই দিনে জন্মদিন, বিষয়টি বেশ ভালো লেগেছে।’