নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রোলিং কারখানায় চুল্লি বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার তারাব পৌরসভার আড়িয়াব এলাকায় প্রিমিয়ার স্টিল রোলিং মিলে এ ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকেরা হলেন সজীব সরকার (৩২), রুবেল আহমেদ (২৮), নাজমুল (৩৩) ও আবির (১৯)। তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সজীব সরকারের অবস্থা আশঙ্কাজনক জানিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ প্রথম আলোকে জানান, সজীবের শরীরের ৭০ শতাংশ, রুবেলের ২৫ শতাংশ, নাজমুলের ২০ শতাংশ এবং আবিরের শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টার দিকে আড়িয়াব এলাকার প্রিমিয়ার স্টিল রোলিং মিলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে মিলে কাজ করা চার শ্রমিক দগ্ধ হন। বিস্ফোরণের পরপরই ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চারজনকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এ এইচ এম সালাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।