প্রেগন্যান্সির গুঞ্জন এবং...

সর্বশেষ ‘তুমহারি সুলু’ ছবিতে দেখা গেছে বিদ্যা বালানকে। ২০১৭ সালের নভেম্বরে মুক্তি পাওয়া ছবিটিতে একজন রেডিও জকির ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। একজন সাধারণ গৃহবধূ সংসারের আয় বাড়াতে রাতের বেলা ‘রেডিও জকি’ হিসেবে কাজ নেয় এবং সে তুমুল জনপ্রিয় হয়ে ওঠে। এরপর প্রায় দুই বছর সময় পেরিয়েছে। এর মধ্যে বিদ্যাকে নতুন কোনো হিন্দি সিনেমায় দেখা যায়নি। অনেকদিন পর আবার রুপালি পর্দায় হাজির হচ্ছেন বিদ্যা বালান। আগামী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি প্রতীক্ষিত ‘মিশন মঙ্গল’ ছবির অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রূপদান করছেন বলিউডের সাড়া জাগানো এই গুণী অভিনেত্রী। বর্তমানে ‘মিশন মঙ্গল’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। বলিউডের প্রথম মহাকাশ বিষয়ক গল্পনির্ভর সিনেমা হিসেবে ‘মিশন মঙ্গল’ এরমধ্যেই আলোচনা সৃষ্টি করেছে। বলিউডে এর আগে তেমন গল্পের সিনেমা হয়নি। মঙ্গল গ্রহে ভারতের মহাকাশ অভিযানের বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত ‘মিশন মঙ্গল’ ছবিতে একজন নারী মহাকাশ বিজ্ঞানী তারা সিন্ধের ভূমিকায় অভিনয় করেছেন বিদ্যা বালান। এ ছবিতে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্রের কর্মকাণ্ড এবং ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের গবেষণার নানা বিষয় তুলে ধরা হয়েছে। বিদ্যা বালান তার অভিনয়জীবনে বিচিত্র ধরনের চ্যালেঞ্জিং রোলে তুখোড় অভিনয়ের মাধ্যমে সুনাম অজর্ন করেছেন। সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। তার ঝুলিতে এসেছে অনেকগুলো ফিল্মফেয়ার পুরস্কার। রুপালি পর্দায় ভারতীয় নারীর পরিবর্তিত রূপ ফুটিয়ে তোলার ক্ষেত্রে অসাধারণ কৃতিত্ব দেখানোর জন্য ভারত সরকারের বেসামরিক খেতাব পদশ্রী লাভ করেছেন বিদ্যা। বলিউডের সুঅভিনেত্রীদের তালিকায় এখন তার নামটি উচ্চারিত হয় বেশ জোরেশোরেই। ‘পরিণীতা’ ছবির মাধ্যমে বলিউডে তার অভিষেক। এরপর ‘লাগে রাহে মুন্নাভাই’, ‘পা’, ‘কাহানি’, ‘গুরু’, ‘ইশকিয়া’, ‘দ্য ডার্টি পিকচার’, ‘বেগম জান’-এর মতো সিনেমাগুলোতে দর্শক একজন শক্তিশালী অভিনেত্রীর স্বরূপ দেখেছেন। জটিল, ব্যতিক্রমধর্মী, চ্যালেঞ্জিং রোলে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন বহুবার। এবার একজন ভারতীয় নারী মহাকাশ বিজ্ঞানীর ভূমিকায় অভিনয় করতে গিয়ে নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন। এ ছবিতে আবার অনেকদিন পর অক্ষয় কুমারের সঙ্গে তাকে রুপালি পর্দায় দেখা যাবে। এর আগে তারা একসঙ্গে ‘হে বেবি’ ও ‘ভুল ভুলাইয়া’ ছবিতে অভিনয় করেছেন। ‘মিশন মঙ্গল’ ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করলেও বিদ্যা রোমান্টিক জুটি হিসেবে আসছেন না। এরই মধ্যে গুজব রটেছে বিদ্যা নাকি সন্তানসম্ভবা। হালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে বিদ্যা বালানের বেশ কয়েকটি ছবি। এরপর থেকেই শুরু হয়েছে তার প্রেগন্যান্সি নিয়ে গুঞ্জন। ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যাচ্ছে, কালো রঙের একটি ম্যাক্সির সঙ্গে সাদা রঙের জ্যাকেট পরেছেন তিনি। যেখানে তার ‘বেবি বাম্প’ দেখা যাচ্ছে। এ দেখে সবাই স্বাভাবিকভাবে প্রেগন্যান্সির ধারণা করছেন। তবে এবারই প্রথম নয়, এর আগেও বহুবার বিদ্যা বালানের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা গেছে। এবার গুঞ্জনটি স্রেফ গুজব নয়, সত্যি সত্যি তিনি মা হতে চলেছেন কি না, তা জানার জন্য অপেক্ষা করতে হবে বলিউডের এই গুণী অভিনেত্রীর আনুষ্ঠানিক ঘোষণার। দীর্ঘ কয়েকবছর প্রেম করার পর ২০১২ সালে বিদ্যা বলিউডের সফল চলচ্চিত্র প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরকে বিয়ে করেন। ৪০ বছর বয়সী বলিউডের এই অভিনেত্রী মা হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন অনেকবার। কিন্তু এখনো তার কোলজুড়ে আসেনি কোনো সন্তান। দেখা যাক, এবার বিদ্যা সত্যি সত্যি মা হচ্ছেন কি না।