নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির বিরোধিতা করে রাজধানীতে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ হয়। একই দিন বিকেল সাড়ে তিনটার দিকে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের জন্য এনসিটি পরিচালনার কনসেশন চুক্তি সই হয়।

চুক্তির প্রতিবাদে দুপুর ২টা থেকে সিপিবি, বাসদসহ কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ের সামনে জড়ো হন। পরে বেলা পৌনে ৩টার দিকে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।

সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন বলেন, ‘আমরা আজ সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট থেকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই বিডা ভবনের সামনে এসেছিলাম। আমরা মনে করি, এ চুক্তি বাংলাদেশকে বিক্রি করার শামিল। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সম্পৃক্ততা আছে, তাদের ওয়েবসাইটে গেলে বিষয়টি বোঝা যাবে।’

সাজ্জাদ জহির আরও বলেন, ‘ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল দেওয়ার মনে হলো, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করতে পারবে। আমাদের নৌবন্দর, বিমানবন্দর সব ব্যবহার করবে তারা।’

সাজ্জাদ জহির বলেন, ‘এর প্রতিবাদ করার জন্যই আজ আমরা এখানে এসেছি। আমাদের শান্তিপূর্ণ সমাবেশ ছিল। শান্তিপূর্ণ সমাবেশের এক পর্যায়ে পুলিশ বিনা উসকানিতে লাঠিপেটা করে। আজ যাঁরা বাংলাদেশটাকে আমেরিকার কাছে, ডিপি ওয়ার্ল্ডের কাছে বিক্রি করে দিচ্ছেন, তাঁরা আজীবন দেশের বিশ্বাসঘাতক, বেইমান হিসেবে চিহ্নিত হবেন। আমরা বামপন্থীরা লড়াইয়ের মাঠে থাকব। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা দেশের বন্দর ও জাতীয় সম্পদ রক্ষা করব।’

সিপিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুলিশের লাঠিপেটায় সাজ্জাদ জহির চন্দনসহ দলের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।