আবারও একই সময়ে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এই নিয়ে টানা তৃতীয়বারের মতো দুই লিগের সূচি সাংঘর্ষিক হচ্ছে। পিএসএলের ১২তম আসর হবে ২০২৭ সালের ১৮ মার্চ থেকে ২ মে পর্যন্ত।
২০১৬ সালে শুরু হওয়ার পর থেকে ২০২৪ সাল পর্যন্ত ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হয়েছে পিএসএল। তবে আইসিসির ব্যস্ত সূচির কারণে ২০২৫ সাল থেকে টুর্নামেন্টটি এপ্রিল-মে সময়ে সরিয়ে নেওয়া হয়। ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে এই পরিবর্তন আনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
২০২৭ সালের পিএসএল জানুয়ারি-ফেব্রুয়ারিতে এগিয়ে আনার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছিল। গত মাসে গভর্নিং কাউন্সিলের বৈঠকে এ নিয়ে পিসিবি ও ফ্র্যাঞ্চাইজিগুলো আলোচনা করে। পিএসএলের ২০২৯ সাল পর্যন্ত মিডিয়া স্বত্বের মালিক ওয়ালি টেকনোলজিস বর্তমান সময় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল। তাদের দাবি, রমজানের পর বিজ্ঞাপন ও সম্প্রচার থেকে কাঙ্ক্ষিত আয় পাওয়া কঠিন হয়ে পড়ে।
ওয়ালি টেকনোলজিসের যুক্তি ছিল, পবিত্র রমজান মাসে বেশির ভাগ বিজ্ঞাপনদাতা তাদের বিপণন ও টেলিভিশন বিজ্ঞাপনের বাজেট ব্যয় করে ফেলে। ফলে রমজানের পর টুর্নামেন্ট হলে সম্প্রচারকারীদের জন্য বিজ্ঞাপন থেকে আয় কমে যায়। গত দুই আসরও রমজানের পর অনুষ্ঠিত হয়েছে। ২০২৭ সালের আসরও একই সময়ের পরেই পড়ছে। আগামী বছর রমজান শুরু হবে ফেব্রুয়ারির শুরুতে এবং চলবে মার্চের শুরু পর্যন্ত।
জানুয়ারি-ফেব্রুয়ারিতে পিএসএল আয়োজনের প্রস্তাব অবশ্য বাস্তবসম্মত মনে হয়নি। কারণ, পিএসএলের চারটি ভেন্যুর মধ্যে তিনটি—লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডিতে এই সময়ে তীব্র শীতের পাশাপাশি কুয়াশা থাকে। ফলে ম্যাচ আয়োজন ও সূচি ঠিক রাখা কঠিন হতে পারে। এ ছাড়া জানুয়ারি-ফেব্রুয়ারির সূচি হলে টুর্নামেন্টের শেষ দিকটা রমজান মাসে পড়ত। যদিও ২০২৪ সালের পিএসএলেও এমন পরিস্থিতি হয়েছিল।
গত মাসে পিএসএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে নতুন সূচি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি পিসিবি ও ফ্র্যাঞ্চাইজিগুলো। পরে পিসিবি ই-মেইলের মাধ্যমে আটটি ফ্র্যাঞ্চাইজির কাছে তাদের পছন্দের সময় জানতে চায়। সংখ্যাগরিষ্ঠ ফ্র্যাঞ্চাইজি মার্চ-মে সময়ের পক্ষে মত দেয়। শেষ পর্যন্ত সেই সময়েই ২০২৭ সালের পিএসএল আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।
পিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২৭ সালের পিএসএলের ভেন্যুগুলোর বিষয়ে কিছু বলা হয়নি। ২০২০ সাল থেকে পাকিস্তানেই পুরো টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। এর আগে পিএসএলের ম্যাচ পাকিস্তানের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতেও অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানে ফেরার পর থেকে বেশির ভাগ ম্যাচ হয়েছে করাচি, লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডিতে।