রবীন্দ্র-নজরুলজয়ন্তী উদযাপন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের আয়োজনে রবীন্দ্র-নজরুলজয়ন্তী-১৪২৬ উদযাপন করা হয়েছে। গত ৪ আগস্ট বাংলা বিভাগের বাংলা ভাষা-সাহিত্য পরিষদের ব্যবস্থাপনায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলা বিভাগের সভাপতি শামসুজ্জামান মিলকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। প্রধান আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শামীম রেজা। এছাড়াও উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান ও অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. আহমেদ মাওলা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘জীবনকে সুন্দর করতে সাহিত্যের কোনো বিকল্প নেই। সাহিত্য সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য দৃশ্যমান করে। রবীন্দ্রনাথ ও নজরুল সাহিত্যের দুই ধ্রুবতারা। তাদের রচিত সাহিত্যে চিন্তার প্রতিফলন আমাদের ঋদ্ধ করে।’

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলা বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক পর্বে ছিল সংগীত, আবৃত্তি, নৃত্য ও অভিনয়। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের ছোটগল্প অবলম্বনে ‘দুই বিঘা জমি’ ও নজরুলের ছোটগল্প অবলম্বনে ‘জ্বিনের বাদশা’ নাটিকা প্রদর্শিত হয়।