আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। এই ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও শক্তিশালী দল নিয়েই খেলবে টাইগাররা। শুক্রবার (৯ অক্টোবর) আবুধাবিতে টেস্টটি মাঠে গড়াবে। মাঠের লড়াইয়ের আগে আলোচনায় দুবাইয়ের তীব্র গরম।
ম্যাচের আগের দিন বৃহস্পতিবার (৮ অক্টোবর) দলের প্রস্তুতি, কন্ডিশন ও উইকেট নিয়ে কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, ‘কন্ডিশন একটু গরম। এটা থাকবেই। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে এগুলোকে কোনোভাবেই অজুহাত হিসেবে দেখতে চাই না। প্লেয়াররাও এসব নিয়ে অত ভাবছে না। আমার রিকোভারি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, এখন সুস্থ আছি। দুই দিন অনুশীলন করেছি, এখন ভালো লাগছে।’
শান্ত আরও বলেন, ‘ভিন্ন কন্ডিশনে, ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে আমাদের ধারাবাহিক হতে হবে। আমরা ভালো করছি, তবে আরও উন্নতির সুযোগ রয়েছে। নিজেদের দক্ষতা বাড়িয়ে ধারাবাহিক পারফরম্যান্স নিশ্চিত করতে হবে।’
এছাড়া টেস্ট ক্রিকেটের প্রতি নিজের ভালোবাসার কথাও জানিয়ে টাইগার অধিনায়ক বলেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে ছোটবেলা থেকেই আমরা সবাই চেয়েছি টেস্ট ক্রিকেট খেলতে। ক্রিকেটারদের জিজ্ঞেস করলেও এই জবাবই পাবেন, সবাই টেস্ট ক্রিকেট খেলতে চেয়েছে। টেস্ট ক্রিকেট সবার জন্যই বিশেষ কিছু। যদি বেশি বেশি ম্যাচ খেলতে পারি, সব প্রতিপক্ষের সঙ্গে, ব্যাপারটা ভালো হবে। সীমিত ওভারের ম্যাচও আছে। তবে সবাই টেস্ট খেলতেই বেশি ভালোবাসে। আমি সীমিত ওভারের চেয়ে টেস্ট ক্রিকেট খেলতেই বেশি পছন্দ করবো।’
সাম্প্রতিক কয়েক বছরে টেস্ট ফরম্যাটে উন্নতি করছে বাংলাদেশ। সেই প্রসঙ্গ টেনে শান্ত বলেন, ‘গত কয়েক বছরে এই সংস্করণে আমরা ভালো খেলছি। টেস্ট দল হিসেবে এটাই আমাদের প্রত্যাশা। আমরা নিজেদের উন্নতির জন্য ঘরের মাঠে কঠোর পরিশ্রম করেছি। গত কয়েক বছরে ভালোই করছি। তবে আমার মনে হয়, দক্ষতা বাড়ানোর অনেক জায়গা এখনও রয়েছে।’