সাংস্কৃতিক সপ্তাহের সমাপনী

গত ৩১ জুলাই ময়মনসিংহের আনন্দমোহন সরকারি কলেজ অডিটোরিয়ামে কলেজের সাংস্কৃতিক সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেন, ‘উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে প্রয়োজন শিক্ষা ও সংস্কৃতি। সংস্কৃতি চর্চার মাধ্যমেই আজকের সুশৃঙ্খল তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর স্বপ্ন একটি সুখি সমৃদ্ধ সোনার বাংলা বাস্তবায়ন করবে। স্বাধীনতার ইতিহাস ও বঙ্গবন্ধুর অবদান আমাদের স্মরণে রাখতে হবে। ইতিহাসকে স্মরণে না রাখলে আমাদের লেখাপড়া করে কী লাভ। তাই আমাদের ইতিহাস ঐতিয্যকে বুকে ধারণ করে শেখ হাসিনার নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে কাজ করতে হবে।’

কলেজের অধ্যক্ষ নারায়ণ চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইফসুফ খান পাঠান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, গোলাম ফেরদৌশ জিল্লু প্রমুখ। সমাপনী অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কলেজের শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা, সাংবাদিকসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।