দীর্ঘ জীবনের সঙ্গী ছিলেন দুজন। মৃত্যুতেও যেন আলাদা হলো না তাঁদের পথ। স্বামীকে দাফন করে স্বজনেরা বাড়ি ফেরার কিছুক্ষণ পরই স্ত্রীর মৃত্যু হয়েছে। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটেছে। দুজনই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মারা যাওয়া দম্পতি হলেন- উপজেলার দণ্ডপাল ইউনিয়নের শান্তিনগর এলাকার কৃষক ওমর আলী (৮০) ও তার স্ত্রী হরতন বেগম (৭৭)। তাদের পাঁচ ছেলে ও তিন মেয়ে রয়েছে।
দণ্ডপাল ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সুরুজ্জামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে মারা যান ওমর আলী। এরপর বৃহস্পতিবার সকাল ১০টায় জানাজা শেষে শান্তিনগর এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ওমর আলীর দাফন শেষ করে স্বজনেরা বাড়ি ফেরার কিছু সময় পর ঘরে শয্যাশায়ী হরতন বেগমও মারা যান। স্বামীর মৃত্যুর খবর তিনি জানতেন। এমনকি বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা তাকে হালকা খাবারও খাওয়ান বলে জানা গেছে।
পরে বৃহস্পতিবার বাদ আসর হরতন বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর স্বামীর কবরের পাশেই তাকে দাফন করা হয়।
ওমর আলীর ভাতিজা ও স্থানীয় স্কুলশিক্ষক শামীম মির্জা বলেন, চাচা–চাচি দুজনই বার্ধক্যের কারণে অসুস্থ ছিলেন। তবে চাচি (হরতন বেগম) কথাবার্তা বলতে পারতেন। সকালে চাচাকে দাফন শেষে সবাই বাড়ি ফিরি। পরে দুপুরে দেখি, ঘরে চাচিও মারা গেছেন। তিনি বলেন, ‘এমন ঘটনায় শুধু তাঁদের ছেলেমেয়েরাই নন, এলাকার মানুষও শোকস্তব্ধ।’