ঝালকাঠির রাজাপুরে গ্রামীণ সড়ক ও নদীভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা আলম মিতু। গ্রামীণ সড়কের দুরবস্থা দেখে তিনি বলেন, সরেজমিনে পরিদর্শন করা সড়কগুলোর অবস্থা দেশের অন্য কোনো উপজেলার তুলনায় এত খারাপ দেখেননি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গ্রামীণ সড়ক ঘুরে পরিদর্শন করেন তিনি। পরে তিনি মঠবাড়ী ইউনিয়নের বিষখালী নদীসংলগ্ন বাদুরতলা গ্রামে গিয়ে ভেঙে যাওয়া বেড়িবাঁধের পরিস্থিতিও পরিদর্শন করেন।
এ সময় তিনি সড়কের বর্তমান পরিস্থিতি, নদীভাঙনের ক্ষয়ক্ষতি এবং বেড়িবাঁধের অবস্থাও ঘুরে দেখেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ ও বিভিন্ন সমস্যার কথা শোনেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে গ্রামীণ সড়কগুলোর বেহাল দশার কারণে তাদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।। একই সঙ্গে বিষখালী নদীর ভাঙনে বাদুরতলা এলাকার বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা ঝুঁকির মধ্যে পড়েছে। এসব সমস্যা সমাধানে সড়ক সংস্কার এবং নদীভাঙন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।
ডা. মাহমুদা আলম মিতু বলেন, ইনসাফের রাজনীতির নীতি অনুসরণ করে যেসব এলাকার মানুষ বেশি সমস্যার মধ্যে রয়েছেন, সেসব এলাকাকে অগ্রাধিকার দিয়ে তিনি সরেজমিনে পরিদর্শন করছেন। নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ বেশি হওয়ায় তাদের সমস্যাগুলো কাছ থেকে দেখেছি।
রাজাপুরের সড়কের অবস্থা নিয়ে তিনি বলেন, শুক্তাগড় ইউনিয়নে পরিদর্শন করা সড়কগুলোর অবস্থা অত্যন্ত খারাপ। আমার দেখা দেশের কোনো উপজেলায় এতটা খারাপ সড়ক পরিস্থিতি দেখেননি।
তিনি আরও বলেন, ঝালকাঠি জেলায় চারজন সংসদ সদস্য রয়েছেন। ফলে জেলার মানুষের জন্য কাজ করার সুযোগ রয়েছে। নদীভাঙন ও রাস্তাঘাটের সমস্যাগুলো সরেজমিনে দেখার পর এগুলো নিয়ে পরবর্তী সময়ে কাজ করার চেষ্টা করবেন। মানুষের চাওয়া-পাওয়া পূরণে কাজ করার নিয়ত রয়েছে এবং এ জন্য আল্লাহর সাহায্য চাইবেন।