সৌদি আরবের রাজধানী রিয়াদে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কর্তৃক ভূপাতিত করার পর তার ধ্বংসাবশেষ পড়ে একটি কিন্ডারগার্টেন ও একটি ক্লিনিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে সৌদি সিভিল ডিফেন্স জানায়, রিয়াদের আকাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পরে সেটির কিছু অংশ রাজধানীর একটি এলাকায় আছড়ে পড়ে। এতে একটি কিন্ডারগার্টেন ও একটি ক্লিনিক কমপ্লেক্সের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।
তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতি হলেও এতে কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষের বিবৃতিতে কিছু বলা হয়নি।
গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইরান-সমর্থিত হুথিরা। রাজধানী রিয়াদও এসব হামলার অন্যতম লক্ষ্যবস্তু। মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত তীব্র হওয়ার মধ্যে সৌদির গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ধারাবাহিক হামলার ঘটনায় দেশটিতে উদ্বেগ বেড়েছে।
হুথিদের হামলায় দেশটির আকাশসীমায় বিমান চলাচলও ব্যাহত হয়েছে। ইয়েমেনের গৃহযুদ্ধে হুথিদের বিরুদ্ধে লড়াই করা সরকারি জোটের নেতৃত্বে থাকা সৌদি আরব এ পরিস্থিতিতে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
বেসামরিক স্থাপনায় হামলার বিষয়টি সৌদি কর্তৃপক্ষের স্বীকার করার ঘটনা তুলনামূলক বিরল। তবে গত কয়েক সপ্তাহে হুথিদের হামলার প্রভাব নিয়ে কর্মকর্তারা হাতে গোনা কয়েকটি বিবৃতি দিয়েছেন।
মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া আট মাসের এই সংঘাতের মাঝে রাজধানী লক্ষ্য করে চালানো এই হামলার মাত্রা ও সংখ্যা নজিরবিহীন।
ইয়েমেন সংঘাত গত জুলাইয়ে নতুন করে শুরু হওয়ার পর সৌদি আরব আরও গভীরভাবে জড়িয়ে পড়েছে। কূটনৈতিক সমাধানের পথ খোঁজার বদলে লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে সৌদি আরব ও হুথিরা।