বৃক্ষমেলা উপলক্ষে সাংস্কৃতিক অুনষ্ঠান

‘পরিকল্পিত ফল চাষ জোগাবে পুষ্টিসম্মত খাবার, শিক্ষায় বন পরিবেশ আধুনিক বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ফলদ ও বনজ মেলা। মঙ্গলবার উপজেলা চত্ত্বরে মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল। নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা বেগম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল প্রমুখ। কৃষি ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহমান ও কুজাইল মহিলা সিআইজি দলকে সম্মাননা প্রদান করা হয়। আলোচনা সভা শেষে শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য ব্যক্তিদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের ফলদ বৃক্ষ বিতরণ করা হয়। মেলায় ১৬টি স্টল অংশগ্রহণ করেছে। এই বৃক্ষমেলার আজ শেষদিন। মেলা উপলক্ষে প্রতিদিন বিকেলে মেলা প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা শিল্পকলা একাডেমির নিয়মিত ও স্থানীয় শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করেছে।