ইসরায়েলে আগামী ২৭ অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার নেতৃত্বাধীন জাতীয়তাবাদী জোট সরকার পতন বা ভেঙে যাওয়া ছাড়াই টানা চার বছরের পুরো মেয়াদ সম্পন্ন করেছে, যা গত আধা শতাব্দীরও বেশি সময়ের মধ্যে দেশটির রাজনৈতিক ইতিহাসে প্রথম।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইউওন লিখেছে, সাবেক প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ারের পর নেতানিয়াহুই একমাত্র ইসরায়েলি প্রধানমন্ত্রী, যিনি আগাম পতন এড়িয়ে সফলভাবে পুরো পার্লামেন্টারি মেয়াদ শেষ করতে পেরেছেন। অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা দিয়ে মেয়াদ শুরু হলেও ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের আকস্মিক হামলা, গাজা যুদ্ধ এবং পরবর্তী সময়ে ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সংঘাতের মতো নজিরবিহীন উত্তাল পরিস্থিতির মধ্য দিয়েও তিনি সরকারকে টিকিয়ে রাখেন। ইসরাইলের ২৫তম নেসেট (পার্লামেন্ট) গত ১৭ জুলাই নির্দিষ্ট সূচি অনুযায়ী, চার বছরের মেয়াদ শেষে বিলুপ্ত হয়, ১৯৮৮ সালের পর এই প্রথম দেশটির কোনো পার্লামেন্ট নির্ধারিত সময়ে স্বাভাবিক মেয়াদ পূর্ণ করল।
কিন্তু ইসরায়েলে আগামী নির্বাচনে কি আবারও প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস গড়বেন নেতানিয়াহু? নাকি বিদায় নিতে হবে তাকে? ইউওনের-এর এক বিশ্লেষণমূলক প্রতিবেদনে বলা হয়েছে, রেকর্ড সপ্তম মেয়াদের জন্য নেতানিয়াহু আবারও প্রধানমন্ত্রী হিসেবে ঘুরে দাঁড়াতে পারবেন কি না, সে বিষয়ে জনমত জরিপ এবং বাজির বাজারগুলোতে (প্রেডিকশন মার্কেট) স্পষ্ট কিছু সংকেত মিলছে।
ইসরায়েলের সাবেক সেনাপ্রধান ও মাত্র এক বছর আগে গঠিত মধ্যপন্থি জায়নবাদী দল 'ইয়াশার' এর প্রধান গাডি আইজেনকোট বর্তমানে জনপ্রিয় বাজির বাজারে নেতানিয়াহুর চেয়ে বেশ ভালো ব্যবধানে এগিয়ে রয়েছেন। অনলাইন প্ল্যাটফরম 'পলিমার্কেট'-এর পূর্বাভাস অনুযায়ী, নির্বাচনে আইজেনকোটের জয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে প্রায় ৪৮ শতাংশ, যেখানে নেতানিয়াহুর সম্ভাবনা ৩৫ থেকে ৩৬ শতাংশ।