বাজারে যাওয়ার পথে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি দুর্বৃত্তদের

লক্ষ্মীপুরের কমলনগরে এক যুবককে অপহরণ করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে কমলনগর থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগীর শ্বশুর মো. ছানা উল্যাহ। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীকে উদ্ধারে চেষ্টা চলছে।

ভুক্তভোগী মো. আজাদ উদ্দিন (৩৫) উপজেলার চর ফলকন গ্রামের ছায়েদুল হকের ছেলে। তিনি উপজেলা সদর হাজিরহাট বাজারে কনফেকশনারির ব্যবসা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আজাদ বাড়ি থেকে দোকানের উদ্দেশে রওনা হন। দোকানের কাছাকাছি পৌঁছালে পথিমধ্যে তিনি অপহরণের শিকার হন।

কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন জানান, বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, আজাদ বাড়ি থেকে বাজারে আসার পথে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। পরে তাকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে নিয়ে পালিয়ে যায়।

তিনি বলেন, খবর পাওয়ার পর থেকেই ভুক্তভোগীকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

এসআই ফারুক হোসেন আরও জানান, দুর্বৃত্তরা ভুক্তভোগীর শ্বশুরের কাছে মুঠোফোনে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। তবে সন্ধ্যার পর থেকে তারা একের পর এক স্থান পরিবর্তন করছে। যে সিএনজিতে করে আজাদকে অপহরণ করা হয়েছে, সেটির নম্বর লক্ষ্মীপুর-ঠ-১১-৫৮৩৬। সিএনজি চালকের মুঠোফোন নম্বরও সংগ্রহ করা হয়েছে। তবে বর্তমানে নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে।

তিনি আরও বলেন, সিএনজিটির বিষয়ে পুলিশের সব থানায় বার্তা দেওয়া হয়েছে। কোথাও ওই নম্বরের সিএনজি পাওয়া গেলে তা আটকের নির্দেশ দেওয়া হয়েছে।