দুর্গাপূজা উপলক্ষে টালিউডে নতুন সিনেমা মুক্তির প্রস্তুতি চলছে। সেই ধারাবাহিকতায় এবারের পূজায় প্রেক্ষাগৃহে আসছে অভিনেত্রী মিমি চক্রবর্তীর নতুন ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায়।
সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ততার মধ্যেই নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন মিমি। জানিয়েছেন, জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষকে পছন্দ তার।
বিয়ের জন্য পাত্রের পছন্দ সম্পর্কে জানতে চাইলে মিমি বলেন, ‘ভালো মানুষ হবে। আমার খুব ভালো বন্ধু হবে। খুব ফান লাভিং হবে। আর আমি যেমন ঘুরতে ভালোবাসি, তেমন ভালোবাসবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমার বাচ্চাদের খুব ভালোবাসবে।’
নিজের বিয়ে নিয়ে মজার ছলে অভিনেত্রী জানান, অন্যদের বিয়ের দাওয়াতে যেতে তার বেশ ভালো লাগে। তবে বিয়ের মেন্যুতে নিরামিষ খাবারের আয়োজন বেশি থাকলে তার আরও ভালো লাগে। নিজের বিয়ের প্রসঙ্গে তিনি বলেন, ‘আর যখন বিয়ে হবে, তখন বিয়ে নিয়ে ভাবব।’
‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমায় সুমিত্রা চরিত্রে অভিনয় করেছেন মিমি। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে এটিই তার প্রথম কাজ। চরিত্রটির প্রস্তুতি প্রসঙ্গে মিমি জানান, পরিচালক তাকে জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘গানের ওপারে’র পরিচিত চরিত্র ‘পুপে’র কথা উল্লেখ করে রেফারেন্স দিয়েছিলেন।