ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত ১২৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাঈনউদ্দিন খান এ তথ্য জানান।
মৃতরা হলেন- ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার হারিছা বেগম, নান্দাইল উপজেলার মিনহাজ এবং টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নরিল্লা গ্রামের মরিয়ম।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাঈনউদ্দিন খান বলেন, ‘সব রোগীকে সুস্থ করে তুলতে চিকিৎসক ও নার্সরা আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দিচ্ছেন। তবে ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সচেতন থাকতে হবে।’