অস্ট্রেলিয়ার পার্থে সড়ক দুর্ঘটনায় তাসনিম ঐশি নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি দেশটির এডিথ কওয়ান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে পার্থের ইন্ডিয়ান ওশেন ড্রাইভ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (৯ অক্টোবর) অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন তাদের সরকারি ফেসবুক পেজে এক পোস্টে ঐশির মৃত্যুর তথ্য জানায়। তার আকস্মিক ও অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে হাইকমিশন।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম সেভেন নিউজের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার সময় একটি দ্রুতগতির ধূসর রঙের বিএমডব্লিউ সেডানের সামনের আসনে বসা ছিলেন ঐশি। একপর্যায়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে গাড়িতে থাকা অপর তিন যাত্রী দুর্ঘটনায় প্রাণে বেঁচে যান।