১০ মাসের বেশি সমুদ্রে কাটিয়ে ঘরে ফিরলেন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের নাবিকেরা 

দীর্ঘ ১০ মাসেরও বেশি সময় সমুদ্রে মোতায়েন থাকার পর যুক্তরাষ্ট্রে ফিরেছে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এটি সান ডিয়েগো বন্দরে পৌঁছায়। মধ্যপ্রাচ্যে রেকর্ড সময় দায়িত্ব পালনের পর রণতরীটি নিজ ঘাঁটিতে ফিরল। মোতায়েনের সময় ক্রুরা টানা ২৬৫ দিন কোনো বন্দরে না থেমে সমুদ্রে ছিলেন, যা একটি রেকর্ড। 

যুক্তরাষ্ট্রের তৎকালীন পরিকল্পনা অনুযায়ী সাধারণত একটি মোতায়েনকাল ৬ থেকে ৭ মাস স্থায়ী হয় এবং এর মধ্যে নিয়মিত বিরতিতে বিভিন্ন বন্দরে যাত্রাবিরতি থাকে। গত বছরের নভেম্বর মাসে যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়া এই রণতরীটির মে মাসেই ফিরে আসার কথা ছিল, কিন্তু গত ফেব্রুয়ারি মাসে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এর মেয়াদ বাড়ানো হয়। 

এর আগে থাইল্যান্ড ও গুয়ামে সংক্ষিপ্ত বিরতি নেওয়ার পর অবশেষে ইউএসএস জর্জ ওয়াশিংটন এসে দায়িত্বভার গ্রহণ করলে জাহাজটি ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। সবমিলিয়ে এর মোট মোতায়েনকাল ছিল ৩২২ দিন। 

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, ক্রুদের মধ্যে কয়েকজন প্রথমবারের মতো তাদের শিশুদের সঙ্গে দেখা করছিলেন। ছবি: রয়টার্স

দীর্ঘ এই সময় সাগরে কাটানোর কারণে জাহাজের ভেতরের পরিবেশ ও নাবিকদের অবস্থা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছিল। রসদের ঘাটতি, পানির দূষণ এবং মানসিক স্বাস্থ্যের অবনতির মতো গুরুতর অভিযোগ উঠেছিল জাহাজে থাকা প্রায় ৫ হাজার সেনাসদস্যের বিষয়ে। 

গত মাসে মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও সিনেটর কার্সটেন গিলব্র্যান্ডের কাছে পাঠানো এক চিঠিতে জানান যে এই মোতায়েন শুরু হওয়ার পর থেকে ক্রুদের মধ্যে আটজন আত্মহত্যার চেষ্টা করেছেন। ডোনাল্ড ট্রাম্প অবশ্য দীর্ঘ সময় সমুদ্রে থাকার বিষয়টিকে খুব একটা গুরুত্ব না দিয়ে একে প্রয়োজনীয় হিসেবে উল্লেখ করেছিলেন। 

এত সব প্রতিকূলতা ও উদ্বেগের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার সান ডিয়েগো উপকূলে পৌঁছানোর পর নাবিকদের এক আবেগঘন ও উষ্ণ সংবর্ধনা জানানো হয়। ডেস্কে দাঁড়িয়ে থাকা উল্লাসিত নাবিকদের স্বাগত জানাতে বন্দরে ভিড় করেছিলেন তাদের পরিবার ও প্রিয়জনরা। নৌবাহিনী জানিয়েছে, বিমান উইংয়ের সদস্যসহ ১২২ জন নাবিক প্রথমবারের মতো তাদের নবজাতক সন্তানকে চোখের দেখা দেখতে পেয়েছেন। এর আগে বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জাহাজটিতে এসে ক্রুদের হাতে ‘প্রেসিডেন্সিয়াল ইউনিট সাইটেশন’ তুলে দেন।

সূত্র: স্কাই নিউজ।