‘৭০০–৮০০ রিকশা তো দূরের কথা, আমার নামে একটি রিকশা আছে—প্রমাণ দিন’

নিজের নামে ৭০০–৮০০ রিকশা থাকার প্রচারণাকে মিথ্যা দাবি করে এর প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, ‘৭০০–৮০০টি রিকশার মালিক হওয়ার কথা তো দূরের বিষয়, সারাদেশের যে কোনো জায়গায় তার নামে একটি রিকশা আছে এমন প্রমাণ দিতে পারলেও তা যথেষ্ট হবে।’

শুক্রবার (৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। 

 

পোস্টে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, কয়েকদিন ধরে ভুয়া ফটোকার্ড ও একটি উদ্দেশ্যপ্রণোদিত গোষ্ঠীর মাধ্যমে তাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

তার দাবি, নিজের একটি রিকশাও নেই অথচ তার নামে ৭০০–৮০০ রিকশা থাকার প্রচারণা চালানো হচ্ছে।

তিনি বলেন, রাজনৈতিক আদর্শের মোকাবিলা আদর্শ, চরিত্র ও নৈতিকতা দিয়ে করা উচিত। মিথ্যা প্রচারণা ও অশালীন বক্তব্যের মাধ্যমে সুস্থ রাজনীতির পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতের এই নেতা অভিযোগ করেন, ঢাকা সিটি করপোরেশনের রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত একজন প্রশাসকও মিথ্যা তথ্যের ভিত্তিতে একই ধরনের বক্তব্য দিচ্ছেন। পাশাপাশি টকশোতে অংশ নেওয়া কিছু ব্যক্তিও এসব অসত্য তথ্য নিয়ে আলোচনা করছেন বলে দাবি করেন তিনি।

এ ধরনের প্রচারণার তীব্র নিন্দা জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, সাহস থাকলে রাজনীতিকে রাজনীতি দিয়ে, আদর্শকে আদর্শ দিয়ে এবং নৈতিকতাকে নৈতিকতা দিয়ে মোকাবিলা করা উচিত।

তিনি আরও বলেন, ভুয়া আইডি ও ফটোকার্ড ব্যবহার করে শুধু তার বিরুদ্ধেই নয়, বিভিন্ন সম্মানিত রাজনৈতিক নেতার নামেও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অসত্য তথ্যের কারণে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, এসব অপপ্রচারের বিরুদ্ধে সত্যনিষ্ঠ তথ্য দিয়ে প্রতিরোধ গড়ে তোলা উচিত। হলুদ সাংবাদিকতা ও অসত্য প্রচারের বিরুদ্ধে সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তার ভাষ্য, মিথ্যাচার ও অরুচিকর বক্তব্যের কারণে রাজনীতিতে ভদ্র, শিক্ষিত ও আদর্শবান ব্যক্তিদের আসার পথ বাধাগ্রস্ত হলে তা দেশের রাজনীতির জন্য সংকট তৈরি করবে। তাই সংশ্লিষ্ট সবাইকে অপপ্রচার থেকে সরে এসে সুস্থ রাজনীতির চর্চা করার অনুরোধ জানান তিনি।