৪০ লাখ টাকা ‘চাঁদা না দেওয়ায়’ ট্রাক এনে লুটপাট

ঢাকার কেরানীগঞ্জের আরশিনগরে আফসানা হাউজিং নামে একটি আবাসন প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির মালিক সজীব ব্যাপারীর দাবি, ৪০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের দিয়ে এ হামলা চালানো হয়েছে। এতে প্রায় এক কোটি টাকার মালামাল লুট হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. নাসির।

ঘটনাটি ঘটে গত রোববার (৪ অক্টোবর) বেলা ১১টা ২৬ মিনিটে। ওই সময় প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে এসে থামে একটি খালি ছোট ট্রাক। এরই মধ্যে প্রায় ৩০ জন যুবক অফিসের ভেতরে ঢুকে পড়েন। সে সময় কার্যালয়টি ফাঁকা ছিল।

কার্যালয়ের সিসিটিভি ফুটেজে দেখা যায়, রামদা ও লাঠিসোঁটা নিয়ে একদল যুবক অফিসে প্রবেশ করে বিভিন্ন কক্ষের দরজা ভাঙচুর করছেন। পরে তারা ভেতরে থাকা সোফাসেট, এয়ারকন্ডিশনার, টেলিভিশনসহ বিভিন্ন আসবাবপত্র বের করে বাইরে রাখা পিকআপ ভ্যানে তোলেন। মালামাল নিয়ে পরে সেখান থেকে চলে যান তারা।

প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. নাসির বলেন, অফিসের কক্ষগুলোতে থাকা এয়ারকন্ডিশনারের পাশাপাশি সেগুলোর আউটডোর ইউনিটও খুলে নিয়ে যাওয়া হয়েছে। দামি সোফা, টেবিল, ক্যাশের টাকা, টেলিভিশন ও গিজারসহ বিভিন্ন মালামাল লুট করা হয়েছে।

নাসিরের ভাষ্য, হামলার পেছনে মূল কারণ চাঁদার দাবি পূরণ না করা। তিনি বলেন, ব্যবসা পরিচালনা করতে হলে ৪০ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে দাবি করা হয়েছিল। কিন্তু তারা সেই দাবিতে রাজি হননি। এরপরই কার্যালয়ে হামলা চালিয়ে প্রায় এক কোটি টাকার মালামাল নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

আফসানা হাউজিংয়ের মালিক সজীব ব্যাপারীও চাঁদার দাবিকে কেন্দ্র করে হামলার অভিযোগ করেছেন। তার দাবি, সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের ভাড়া করে এ হামলা চালানো হয়েছে। ৪০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তাদের প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়।

সজীব ব্যাপারী বলেন, তিনি চাঁদা দিয়ে ব্যবসা করতে রাজি হননি। ঘটনার পর থেকে তিনি ভয় ও আতঙ্কের মধ্যে রয়েছেন। হামলার কারণে বর্তমানে প্রতিষ্ঠানের কাজ বন্ধ রয়েছে। ঘটনার পরদিন সজীব ব্যাপারী ১৬ জনের নাম উল্লেখ করে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেছেন।

সূত্র: বিবিসি