ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জামগড়া এলাকায় এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তুলার গোডাউনে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং ডিইপিজেড ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।