রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৪০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৫৯ জন, ওয়ারী বিভাগে ৭৫ জন, মতিঝিল বিভাগে ৮২ জন, তেজগাঁও বিভাগে ৭৯ জন, মিরপুর বিভাগে ৯০ জন, গুলশান বিভাগে ৪৭ জন, উত্তরা বিভাগে ৪৩ জন, গোয়েন্দা বিভাগে ১১ জন এবং সিটিটিসি থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে ৭৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১ হাজার ৪৪২ পিস ইয়াবা, ৭ গ্রাম হেরোইন ও ২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া, একটি কাভার্ডভ্যান, দুইটি মোটরসাইকেল, ৯টি মোবাইল ফোন, নগদ ২ হাজার ৪০০ টাকা এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও আলামত উদ্ধারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।