সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ

দুই ওপেনারের ব্যাটে আবুধাবি টেস্ট দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। এরপর হঠাৎ ধস নামে টাইগারদের ব্যাটিং লাইনে। এতে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান তুলে প্রথম দিনের দেখা শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় দিনেও সুবিধা করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। মাত্র ২৯ রান যোগ করে ৩৪৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। 

শনিবার (১০ অক্টোবর) তাইজুল ইসলাম ৪ ও নাইম হাসান ১১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। তবে খুব বেশি সুবিধা করতে পারেননি তারা। দলীয় ৩৩৫ রানের ২০ বলে ৯ রান করে সাজঘরে ফিরে যান তাইজুল। 

এরপর আর বেশি দূর এগোতে পারেনি বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই আউট হন এবাদত হোসেন। আফগানিস্তানের পক্ষে মোহাম্মদ সালিম নেন ৪টি উইকেট। 

এর আগে শুক্রবার (৯ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করতে নেমে দলক উড়ন্ত শুরু এনে দেন দুই টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলাম। উদ্বোধনী জুটিতে ১২৪ রান যোগ করেন এই দুই ব্যাটার। 

ওয়ানডে মেজাজে ব্যাট করতে থাকেন তানজিদ তামিম। সেঞ্চুরির আশা জাগিয়ে ৭১ বলে ৮৩ রান করে আউট হন এই ওপেনার। এরপর ক্রিজে আসা মুমিনুল হককে সঙ্গে রানের চাকা সচল রাখেন আরেক ওপেনার সাদমান। ৬০ রানের জুটি গড়েন তারা। 

তবে দলীয় ১৮৪ রানে ১১১ বলে ৬৭ রান করে ফিরে যান সাদমান। তার বিদায়ের পর হঠাৎ ধস নামে টাইগার ব্যাটিং লাইনে। মাত্র ৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

মুমিনুল ৩৯, অধিনায়ক শান্ত ২৯ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান মুশফিকুর রহিম। এরপর মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেন লিটন দাস। ৬২ রানের জুটি গড়েন তারা। 

তবে দলীয় ২৮৭ রানে ৬৭ বলে ২৪ রান করে আউট হন মিরাজ। তবে একপ্রান্ত আগলে ফিফটি তুলে নেন লিটন। তবে ৫৩ রান করে সাজঘরে ফিরে যান এই উইকেটরক্ষক ব্যাটার।