রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন স্পট সাজেকে অবরোধ শুরুর মাত্র এক ঘণ্টার মাথায় প্রত্যাহারের ঘোষণা দিয়েছে সাজেক কারবারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। এ সময় নতুন করে অবরোধ কর্মসূচির দিনক্ষণ ঘোষণা করেছে সংগঠন দুটি।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে সংগঠন দুটির নেতারা অবরোধের বিষয়টি ইত্তেফাক ডিজিটালকে নিশ্চিত করেছেন। নতুন সূচি অনুযায়ী রোববার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পর্যটন সড়কে অবরোধ শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।
এর আগে শনিবার দুপুর ১২টা থেকে টানা ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিলেও বেলা ১টার সময় তা প্রত্যাহার করে নেওয়া হয়।
সংগঠন দুটির নেতারা জানান, জনসংহতি সমিতির সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদেরকে সাজেক থেকে সরিয়ে নেওয়ার দাবিতে শনিবার দুপুরে সাজেক গণঅধিকার রক্ষা কমিটির ফেসবুক পেজে দেওয়া সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এক যৌথ বিবৃতিতে সংগঠন দুটির পক্ষ থেকে এই অবরোধের ঘোষণা দেন।
সাজেক গণঅধিকার রক্ষা কমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমা প্রেরিত এক বিবৃতিতে বলেন, ‘সাজেকে জেএসএসের সদস্যদের অবস্থান এবং সাধারণ মানুষকে হুমকি দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়েছে।’
দুই সংগঠনের বিবৃতিতে বলা হয়েছে, যেহেতু সাজেক থেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদেরকে সরিয়ে নেওয়ার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, উপরন্তু আইনশৃঙ্খলা বাহিনী নিরীহ জনগণের বাড়িঘরে তল্লাশির নামে হয়রানি করছে। বিশিষ্ট ব্যক্তিদেরকে হুমকি দিচ্ছে। তাই দাবি আদায়ের জন্য রোববার সকাল ৬টা থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ শুরু হবে।
তবে রোগী বহনকারী এম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি ও সংবাদকর্মীদের যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। দুই সংগঠনের নেতৃবৃন্দ সাজেক পর্যটন সড়কে কোনো ধরনের যানবাহন না চালানোর জন্য যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং পর্যটক ও সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন।
অন্যদিকে সাজেক কারবারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি এই সংগঠন দুটি ইউপিডিএফের চাপে পড়ে এমন কর্মসূচি ঘোষণা করেছে বলে দাবি জেএসএসের।
জেএসএসের রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি ডা. গঙ্গা মানিক চাকমা ইত্তেফাক ডিজিটালকে বলেন, ‘সাজেকে অবরোধের ডাক দিতে ইউপিডিএফ তাদের বাধ্য করেছে। সাধারণ মানুষকে কোনো ধরনের হুমকি জেএসএস দেয়নি। অযথা গায়ে পড়ে জেএসএস’র বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে সংগঠন দুটি। ইউপিডিএফ নিজেরা কিছু করতে না পেরে সাধারণ জনগণকে মাঠে নামিয়ে দিয়ে বিভ্রান্ত করছে বলে দাবি করেন ডা. গঙ্গামানিক চাকমা।
তবে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা এ অভিযোগ অস্বীকার করে বলেন, সাজেক কারবারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি সংগঠন দুটিকে কর্মসূচি দিতে বাধ্য করার অভিযোগ সত্য নয়। তবে সাধারণ মানুষের পক্ষে তাদের নেওয়া কর্মসূচির প্রতি ইউপিডিএফের সমর্থন থাকবে।
সাজেক ভ্যালি থেকে সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির দপ্তর সম্পাদক এস এম জিয়াউল হক জানান, শনিবার যে পরিমাণ পর্যটক সাজেক থেকে বের হয়েছে এবং প্রবেশ করেছে তাতে রাতেও সেখানে প্রায় দু’হাজার পর্যটক অবস্থান করবে।
এ ব্যাপারে জানতে চাইলে বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, শনিবার থেকে সড়ক অবরোধের কথা শুনেছিলাম। তবে তা আবার প্রত্যাহার করা হয়েছে। রোববার থেকে আবারও সড়ক অবরোধের বিষয়টিও শুনেছি। নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় পর্যটকরা প্রতিদিনের মতো সাজেকে যাওয়া আসা করবেন।