ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলায় ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টা ৭ মিনিটে এ কম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল উত্তরকাশী এলাকায় ভূপৃষ্ঠের ১১ কিলোমিটার গভীরে। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ৭ মিনিট ৩০ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল উত্তরকাশী এলাকায় ভূপৃষ্ঠের ১১ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটির স্থানাঙ্ক ছিল ৩০.৭৪৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৮.৪১৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।
একই দিনে উত্তরাখণ্ডে এটি দ্বিতীয় ভূমিকম্প। এর প্রায় চার ঘণ্টা আগে রাজ্যের বাগেশ্বর জেলায় ২ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। স্থানীয় সময় বিকেল ৩টা ৪০ মিনিটে ওই কম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের পাঁচ কিলোমিটার গভীরে।
এদিকে, গত ৬ অক্টোবর রাত ১০টা ২০ মিনিটের দিকে উত্তরাখণ্ডের চামোলি জেলায় ৪ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এর কম্পন ভারতের রাজধানী নয়াদিল্লি ও আশপাশের এলাকাতেও অনুভূত হয়েছিল। এতে রাজধানী ও পার্শ্ববর্তী শহরগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দিল্লির সফদরজং এনক্লেভের এক ব্যবহারকারী লিখেছেন, ‘আমার পুরো সোফা নড়ে উঠতে দেখেছি, পুরো ভবনটিই কেঁপে উঠেছিল। জীবনে এর কাছাকাছি কোনো অভিজ্ঞতা কখনো হয়নি!’
সূত্র: এনডিটিভি