সৌদিতে হামলায় দুই বাংলাদেশিসহ ১২ নিহতের ঘটনায় জামায়াতের শোক প্রকাশ

রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। শনিবার রাতের এই হামলায় বিমানবন্দরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সাময়িকভাবে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে এক বিবৃতিতে এ শোক জানান দলটির সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেন, ‘সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জনের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এ ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, আমি তাদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

তিনি আরও বলেন, ‘বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। নিরপরাধ মানুষের জীবনহানি কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের সহিংসতা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে। আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট সকল পক্ষের দায়িত্ব।’

জামায়াতের এই নেতা বলেন, ‘সৌদি আরবে বসবাসরত ও কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশি প্রবাসী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজনীয় সহায়তায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। নিহতদের লাশ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চত করার জন্য সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।’