কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

কুষ্টিয়া সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিরোধের মুখে ওই চারজনকে নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায় বিএসএফ।

রোববার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীন ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৫৩/৯-এস থেকে ভারতের অভ্যন্তরে প্রায় ৫০ গজ দূরে বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের উদয় কিষাণ ক্যাম্পের সদস্যরা চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেন। তাঁদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী ছিলেন।

বিজিবির সতর্ক অবস্থান ও তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থার কারণে বিএসএফের ওই চেষ্টা ব্যর্থ হয়। পরে সকাল ৮টার দিকে বিজিবির দৃঢ় অবস্থানের মুখে ওই চারজনকে নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যায় বিএসএফ।

কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ কামাল রনি জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের যেকোনো চেষ্টা প্রতিরোধে বিজিবি সতর্ক ও প্রস্তুত রয়েছে।