ফিউচার ফিটনেস জিমে সফলভাবে সম্পন্ন হলো ‘ফিটগুরু পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপ ২০২৬’। টিম ফিটগুরু আয়োজিত এই টুর্নামেন্টটি বাংলাদেশ পাওয়ারলিফটিং অ্যাসোসিয়েশন (বিপিএ)-এর অফিসিয়াল অনুমোদন ও তত্ত্বাবধানে পরিচালিত হয়।
এবারের চ্যাম্পিয়নশিপটি আসন্ন ‘ন্যাশনাল পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপ’-এর জন্য সাব-জুনিয়র এবং জুনিয়র—এই দুটি ক্যাটাগরিতে অফিসিয়াল বাছাই পর্ব (সিলেকশন গেটওয়ে) হিসেবে কাজ করেছে।
আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে আয়োজিত এই প্রতিযোগিতায় সারা বাংলাদেশ থেকে মোট ৭৬ জন প্রতিভাবান ও দক্ষ প্রতিযোগী অংশ নেন। এতে একদিকে যেমন নতুনরা নিজেদের মেলে ধরেছেন, তেমনি অভিজ্ঞ লিফটাররাও তাদের শক্তির জানান দিয়েছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জাতীয় পর্যায়ের যোগ্যতা অর্জনের সমস্ত স্কোর ও মার্কস বিপিএ কর্মকর্তাবৃন্দ সরাসরি যাচাই ও প্রত্যয়ন করেন।
টুর্নামেন্টের সফল সমাপ্তি নিয়ে আয়োজক ও প্রধান সমন্বয়ক মাসুদুর রহমান বলেন, আমাদের মূল লক্ষ্য হলো বাংলাদেশে স্ট্রেংথ স্পোর্টস বা শক্তির খেলার জন্য একটি সুশৃঙ্খল এবং পেশাদার পাইপলাইন তৈরি করা। এবার সাব-জুনিয়র ও জুনিয়র ক্যাটাগরিতে তরুণ লিফটারদের জাতীয় যোগ্যতা অর্জনের লক্ষ্যমাত্রা ছুঁতে দেখে এটিই প্রমাণিত হয় যে, আমাদের এই খেলার ভবিষ্যৎ আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও উজ্জ্বল।