পাকিস্তানের ক্রিকেটে আবির্ভাব হয়েছে অ্যাডাম গিলক্রিস্টের! তবে তিনি অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটরক্ষক ব্যাটার নন। পাকিস্তানের গিলক্রিস্ট বয়সে নিতান্তই কিশোর। পাকিস্তানি এই ক্রিকেটারের নামের পেছনে আছে মজার এক গল্প।
তার মা নাম রেখেছিলেন ‘অ্যাডাম’। তবে ক্রিকেটপ্রেমী বাবা এর সঙ্গে ‘গিলক্রিস্ট’ জুড়ে দিয়েছেন। বোঝাই যাচ্ছে, তার বাবা গিলক্রিস্টের ভক্ত। তবে নামেই নয়, খেলার ধরনেও মিল আছে। অস্ট্রেলিয়ান কিংবদন্তির মতো পাকিস্তানের অ্যাডাম গিলক্রিস্টও বাঁহাতি ব্যাটার। এমনকি উইকেটরক্ষকও তিনি।
তবে পাকিস্তানি গিলক্রিস্টের ক্রিকেটীয় আদর্শ শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। সম্প্রতি নিজের নামের গল্প এবং প্রিয় ক্রিকেটার সম্পর্কে তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বর্তমানে স্কুল ক্রিকেটে খেলছেন পাকিস্তানের অ্যাডাম গিলক্রিস্ট। সম্প্রতি পাকিস্তানের করাচিতে স্কুল ক্রিকেটের এক ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছে কিশোর গিলক্রিস্ট। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ট্যালেন্ট হান্ট স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে কামরান পাবলিক স্কুলের হয়ে খেলছেন তিনি।