বাংলাদেশে ক্লাসিক ৩৫০ মোটরসাইকেলের ৯ হাজারের বেশি রাইডারের মাইলফলক উদযাপন করেছে রয়্যাল এনফিল্ড বাংলাদেশ। এ উপলক্ষে ‘ক্লাসিক ৩৫০ রাইড ফর স্মাইলস’ নামে একটি সামাজিক উদ্যোগ আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। এতে ক্লাসিক ৩৫০-এর ৫০ জন রাইডার অংশ নেন।
রয়্যাল এনফিল্ডের ফ্ল্যাগশিপ শোরুম থেকে এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশের উদ্দেশে রাইডটি শুরু হয়। সেখানে পৌঁছে রাইডাররা সংস্থাটির শিশুদের সঙ্গে খেলাধুলা ও বিনোদনমূলক বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।
আয়োজনে শিশুদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলার সরঞ্জাম, উপহার, ম্যাজিক শো এবং ট্রাফিক সচেতনতামূলক ক্লাসের ব্যবস্থা করা হয়। রাইডার ও শিশুদের অংশগ্রহণে দিনটি আনন্দঘন হয়ে ওঠে।
১৯৭২ সাল থেকে বাংলাদেশে পিতামাতার যত্ন হারানো বা হারানোর ঝুঁকিতে থাকা শিশুদের যত্ন, শিক্ষা ও বিকাশে কাজ করছে এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশ। শিশু কল্যাণে অবদানের স্বীকৃতিস্বরূপ সংস্থাটি ২০২৬ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে।
একজন ক্লাসিক ৩৫০ রাইডার বলেন, ‘আজকের রাইডটি আমার কাছে বিশেষ। শুধু রাইডের আনন্দ নয়, এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশের শিশুদের সঙ্গে সেই আনন্দ ভাগ করে নিতে পেরেছি। তাদের সঙ্গে সময় কাটানো এবং তাদের হাসির অংশ হতে পারাটাই আজকের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা।’
রয়্যাল এনফিল্ড বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে ক্লাসিক ৩৫০-এর ৯ হাজারের বেশি রাইডারের মাইলফলক প্রতিষ্ঠানটির জন্য বিশেষ অর্জন। এই অর্জন রাইডার কমিউনিটির ভালোবাসা, আস্থা ও ক্লাসিক ৩৫০-এর সঙ্গে তাদের দীর্ঘস্থায়ী সম্পর্কের প্রতিফলন। রাইডারদের এই আনন্দকে আরও অর্থবহ করতেই ‘রাইড ফর স্মাইলস’-এর মতো উদ্যোগ নেওয়া হয়েছে।
এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, শিশুদের বিকাশে শিক্ষা ও যত্নের পাশাপাশি আনন্দ, খেলাধুলা এবং ইতিবাচক সামাজিক অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ। রয়্যাল এনফিল্ড বাংলাদেশের এই উদ্যোগ শিশুদের জন্য একটি আনন্দময় ও সম্পৃক্ততাপূর্ণ দিন তৈরি করেছে।
আয়োজকদের মতে, ‘রাইড ফর স্মাইলস’ শুধু একটি রাইড নয়; বরং একটি মাইলফলক উদযাপনের পাশাপাশি শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া ও সুন্দর স্মৃতি তৈরির উদ্যোগ।