ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত নতুন সিদ্ধান্ত জানিয়ে পরিপত্র জারি করেছে সরকার। এতে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন ও ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সরকারি ব্যায় সাশ্রয় এবং দাপ্তরিক কাজের ব্যাঘাত না ঘটিয়ে সীমিত পরিসরে দিবস পালনের নানা দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নতুন পরিপত্র জারি করা হয়। এর মাধ্যমে গত ১১ মার্চ জারি করা পূর্বের পরিপত্রটি বাতিল করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন এবং ওইদিন সরকারি ছুটি থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

পরিপত্রে উল্লেখ করা হয়, জাতীয় পর্যায়ের প্রধান উৎসবগুলো ব্যতীত সাধারণভাবে যেকোনো দিবস পালনের ক্ষেত্রে বাড়তি খরচ ও জাকজমক পরিহার করতে হবে। বিশেষ করে আলোকসজ্জা, সৌন্দর্যবর্ধন ও বড় ধরনের বিচিত্রানুষ্ঠান যথাসম্ভব এড়িয়ে চলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

দিবস উদযাপনে মূল আলোকপাত থাকবে প্রাতিষ্ঠানিক আলোচনার ওপর। সেই লক্ষ্যে রেডিও ও টেলিভিশনে আলোচনা অনুষ্ঠান প্রচারের পাশাপাশি সীমিত পরিসরে সেমিনার কিংবা সিম্পোজিয়াম আয়োজন করা যাবে। তবে কর্মদিবসে সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে কোনো ধরনের সমাবেশ বা শোভাযাত্রা পরিহার করতে বলা হয়েছে।

সরকারি অফিসের সাধারণ কর্মকাণ্ডে যাতে ব্যাঘাত না ঘটে, সেদিকে বিশেষ দৃষ্টি দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো বিশেষ সপ্তাহ পালনের ক্ষেত্রে পুরো অনুষ্ঠানসূচি সাধারণভাবে সর্বোচ্চ তিন দিনের মধ্যে সীমিত রাখতে হবে।

এছাড়া সব ধরনের আলোচনা বা সাংস্কৃতিক অনুষ্ঠান ছুটির দিনে অথবা নিয়মিত অফিস সময় শেষ হওয়ার পর আয়োজনের চেষ্টা করতে হবে। তবে নগদ অর্থ বা উপকরণ ব্যয়ের প্রয়োজন নেই—এমন সাধারণ আয়োজন ছুটির দিন কিংবা সাধারণ কার্যদিবসেও সম্পন্ন করা যাবে। যেকোনো দিবস বা সপ্তাহ পালন উপলক্ষে জেলা পর্যায় বা রাজধানীর বাইরে থেকে কর্মকর্তা-কর্মচারীদের ঢাকায় নিয়ে আসার প্রবণতাও যথাসম্ভব পরিহার করতে বলা হয়েছে।

সরকারি ব্যয় সাশ্রয়ের ধারাবাহিকতা বজায় রাখতে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে সমধর্মী দিবসসমূহ একত্রে পালনের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, একই ধরনের ক্ষেত্র থাকলে সংশ্লিষ্ট আন্তর্জাতিক দিবস পালনে প্রাধান্য দিয়ে জাতীয় দিবসগুলোকে একই তারিখে একত্রে উদযাপন করতে হবে।

প্রয়োজনবোধে এ সংক্রান্ত বিস্তারিত সারসংক্ষেপ মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপনের উদ্দেশ্যে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে বলা হয়েছে। পরিপত্রে গৃহীত এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।