ব্যাংকের টাকা চুরির মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চৌদ্দগ্রাম উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক কেএম ফরিদ আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) ভোর রাতে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ফরিদ আমিন উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের রুহুল আমিনের ছেলে।
পুলিশ জানায়, টাঙ্গাইলের মির্জাপুর থানায় করা একটি ব্যাংকের টাকা চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে ফরিদ আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই মামলায় সাজা হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া স্থানীয় সূত্রে জানা গেছে, কেএম ফরিদ আমিনের বিরুদ্ধে বাবাকে মারধরের অভিযোগ রয়েছে। গত বছরের ৪ ডিসেম্বর চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ করেন তার বাবা রুহুল আমিন। ছেলের শাস্তির দাবিতে ৮ ডিসেম্বর সংবাদ সম্মেলনও করেন তিনি। কেএম ফরিদ আমিন গত জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ থেকে সংসদ সদস্য প্রার্থী পদে নির্বাচন করার কথা ছিল। বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন তৎপর থাকায় ফরিদ আমিন পলাতক ছিলেন।
চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক মো. আবুল কালাম বলেন, ‘টাঙ্গাইলের মির্জাপুর থানার একটি ব্যাংকের টাকা চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন কেএম ফরিদ আমিন। ওই সময়ে ব্যাংকের গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’