কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ নেতা, খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) সাবেক প্যানেল মেয়র এবং ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলী আকবর টিপুকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (১১ অক্টোবর) খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া সাবেক কাউন্সিলর টিপুকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত শনিবার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ টিম খুলনা থেকে গ্রেপ্তার করে তাকে নিয়ে ঢাকায় নিয়ে যান বলে জানিয়েছেন তিনি।
উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া জানান, শনিবার বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম আলী আকবর টিপুকে খুলনা থেকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে গেছে। তাকে ঢাকার নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশের একটি সূত্র জানায়, আলী আকবর টিপু খুলনার শেখবাড়ির একজন আস্থাভাজন ব্যক্তি ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থানের পর থেকে আলী আকবর টিপু আত্মগোপনে ছিলেন। প্রায় সময় তিনি ফেসবুকে নানা পোস্ট দিয়ে দলীয় পলাতক কর্মীদের উজ্জীবিত ও সংগঠিত করছিলেন।
খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন রিপন বলেন, খুলনা সদর থানায় আলী আকবর টিপুর বিরুদ্ধে ২০২৪ সালের একটি রাজনৈতিক মামলা (ভাঙচুর) রয়েছে।
অন্যদিকে নগরীর সোনাডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, আলী আকবর টিপুর বিরুদ্ধে একটি ভাঙচুর মামলা ছিল। সেই মামলাটির চার্জশিট হয়ে গেছে।