প‌রিচয় মিলেছে রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় জানা গেছে। তারা হলেন বগুড়ার শাহেদ আহম্মেদ ও কুমিল্লার নাসরুল্লাহ বদরপুরি। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সূত্রে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

নিহত শাহেদ আহম্মেদের বাড়ি বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামে। তার বাবা মো. রফিকুল ইসলাম এবং মা মোছা. শাহেরা বেগম।

অপর নিহত নাসরুল্লাহ বদরপুরির বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামে। তার বাবা মাওলানা মোহাম্মদ উল্লাহ এবং মা জাহানারা বেগম।

রোববার (১১ অক্টোবর) প্রবাসী কল‌্যাণ মন্ত্রণালয় জানায়, গতকাল বিকাল আনুমানিক ৩টা ২০ মি‌নি‌টে রিয়াদের কিং খালেদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল-৩ এর উপর একটি ক্ষেপনাস্ত্র এসে পড়ে।

এ সময় বাংলাদেশসহ বিভিন্ন দেশের যাত্রী সেখানে অপেক্ষমান ছিল। দুর্ঘটনায় দুজন বাংলাদেশি নাগরিক মৃত্যুবরণ করেছেন।

গত শনিবার (১০ অক্টোবর) রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় মোট ১২ জন নিহত হন।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তিদের মধ্যে দুই বাংলাদেশি রয়েছেন। এ ঘটনায় তিন শতাধিক মানুষ আহত হয়েছেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ও আহত বাংলাদেশিদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।