ভারতে চলমান উত্তেজনার মধ্যে আটক আন্দোলনকারীদের মুক্তির দাবিতে দেওয়া নিজের ফেসবুক পোস্টটি ভারতে নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভারতীয় রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
রোববার (১১ অক্টোবর) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে করা পোস্টে তিনি এই অভিযোগ তুলেন। পোস্টে তিনি ভারতীয় কর্তৃপক্ষের পাঠানো নোটিশের একটি স্ক্রিনশটও সংযুক্ত করেছেন।
আসিফ মাহমুদ তার পোস্টে লিখেছেন, ‘ভারতে আন্দোলনকারীদের মুক্তি চেয়ে দেওয়া একটা পোস্ট ইন্ডিয়াতে ব্যান করা হয়েছে।’
টুইটারে ভারতীয় একটি দলের বটরা (স্বয়ংক্রিয় বা ভুয়া অ্যাকাউন্ট) তাকে টার্গেট করে আপত্তিকর মন্তব্য করছে জানিয়ে এনসিপি মুখপাত্র যোগ করেন, ‘টুইটারে ভারতীয় একটা দলের বটরা গালাগাল করছে।’
এই ঘটনার প্রেক্ষিতে ভারতে মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক পরিবেশ নিয়ে প্রশ্ন তুলে আসিফ মাহমুদ পোস্টে তির্যক মন্তব্য করেন, ‘গণতন্ত্র দেশে দেশে!’
তার শেয়ার করা স্ক্রিনশট থেকে জানা যায়, ভারতীয় তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ধারা ৭৯(৩)(বি) অনুযায়ী ভারত সরকার বা আইন প্রয়োগকারী সংস্থার দেওয়া নোটিশের প্রেক্ষিতে মেটা (ফেসবুক) ওই নির্দিষ্ট পোস্টটির অ্যাক্সেস ভারতের ব্যবহারকারীদের জন্য সীমাবদ্ধ বা জিও-ব্লক করেছে।