পদ্মায় মাঝ নদীতে স্পিডবোটে আগুন, ‘গুলির শব্দে’ আতঙ্ক

কুষ্টিয়ার ভেড়ামারায় বাহাদুরপুরে পদ্মা নদীতে দুটি স্পিডবোটে অগ্নিসংযোগ ও পরে মাঝনদীতে ডুবিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে।এসময় গুলিবর্ষণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জলদস্যুদের দুপক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

রোববার (১১ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার বাহাদুরপুরের সংলগ্ন পদ্মা নদীতে এই ঘটনা ঘটে। এ ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাহাদুরপুর ইউনিয়নের আরকান্দি, লিসেনদিয়ার ও মাধবপুর সীমান্ত সংলগ্ন পদ্মায় জলদস্যুদের চারটি স্পিডবোটকে চলাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একপক্ষ অন্যপক্ষের দুটি স্পিডবোটকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে অন্যপক্ষের সদস্যরা বোট দুটি নদীর তীরে রেখে পালিয়ে যান। পরে প্রতিপক্ষ দল এসে বোটগুলোতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে স্থান ত্যাগ করে।

ঘটনার সময় নদী তীরবর্তী পানবরজে কাজ করা চাষিরা কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান। এর কিছুক্ষণ পরেই তারা পদ্মায় আগুনের কুণ্ডলী ও কালো ধোঁয়া উড়তে দেখেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নেভানোর পর আরেকটি স্পিডবোট এসে ক্ষতিগ্রস্ত বোট দুটিকে টেনে নিয়ে মাঝনদীতে ডুবিয়ে দেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। 

পানের বরজের চাষি আসলাম হোসেন বলেন, ক্ষেতে কাজ করার সময় গুলির শব্দ শুনেছি। পরে এগিয়ে গিয়ে দেখি একটি স্পিডবোটে আগুন জ্বলছে। স্থানীয়রা আগুন নেভানোর পর আরেকটি স্পিডবোট এসে সেটিকে ডুবিয়ে দেয়।

ভেড়ামারা থানার ওসি শামীম শেখ বলেন, ঘটনাটি আমরা শুনেছি। তবে বিষয়টি নৌ-পুলিশের অধিক্ষেত্রভুক্ত। তারাই প্রয়োজনীয় তদন্ত ও ব্যবস্থা গ্রহণ করবে।

পরে ঘটনার বিষয়ে জানতে লক্ষ্মীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম, স্পিডবোটে আগুন লাগার খবর পেয়েছি। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। তারা এখনও ফেরেনি। ফিরলে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।