পূর্ব আফ্রিকার দেশ জিবুতি থেকে সমুদ্রপথে ইয়েমেন যাওয়ার সময় অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৩৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৮৪ জন। নৌকাটিতে নারী ও শিশুসহ মোট ৩০৫ জন যাত্রী ছিলেন।
রোববার (১১ অক্টোবর) জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
আইওএমের বরাতে জানা গেছে, গত ৮ অক্টোবর দিবাগত রাত অথবা ৯ অক্টোবরের প্রথম প্রহরে জিবুতির ওবক বন্দরের উত্তরাঞ্চলীয় গুহেরে উপকূলের কাছে অতিরিক্ত বোঝাই নৌকাটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। নিহতদের মধ্যে অন্তত ১৫টি শিশু রয়েছে বলে শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে ৮২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
নিখোঁজ ৮৪ জনের সন্ধানে জিবুতি উপকূলরক্ষী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমুদ্রে তল্লাশি ও
কাজের সন্ধান ও উন্নত জীবনের আশায় প্রতিবছর হাজার হাজার অভিবাসী বিপজ্জনক এই সমুদ্রপথ বেছে নেন। জিবুতি উপকূল পেরিয়ে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন হয়ে তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোতে পৌঁছানোই তাদের মূল লক্ষ্য থাকে। তবে চরম ঝুঁকি, মানব পাচারকারী চক্রের দৌরাত্ম্য এবং সাগরে প্রতিকূল আবহাওয়ার কারণে প্রায়ই এমন ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই অভিবাসন রুটে কেবল ২০২৫ সালেই নৌকাডুবি ও নানা দুর্ঘটনায় ৯০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন অথবা নিখোঁজ হয়েছেন।