৭ শর্তে যুক্তরাষ্ট্রের সাড়া ‘অপর্যাপ্ত’: ইরান

সংঘাত অবসানে ইরানের দেওয়া সাতটি শর্তের কিছু অংশ যুক্তরাষ্ট্র মেনে নিলেও ওয়াশিংটনের সামগ্রিক জবাবকে ‘অপর্যাপ্ত’ হিসেবে বর্ণনা করেছে তেহরান। সোমবার (১২ অক্টোবর) গালফ নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই এই তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (১১ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মহসেন রেজাই জোর দিয়ে বলেন, দুই দেশের মধ্যে আগের অবস্থায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র নৌপথ উন্মুক্ত করতে ব্যর্থ হয়ে চোরাচালানের মাধ্যমে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনের চেষ্টা করছে, যা মার্কিন সামরিক বাহিনীর জন্য এক নজিরবিহীন লজ্জাজনক ঘটনা।

জাতিসংঘের সাধারণ পরিষদে ইরান একটি প্রস্তাব উপস্থাপন করেছিল যেখানে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্র তাদের সাতটি শর্ত মেনে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং স্বাভাবিক নৌ চলাচল পুনরুদ্ধার করা হবে। যুদ্ধ ও তেলবাহী জাহাজে আক্রমণের কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের জবাব তেহরানের কাছে পৌঁছানো হলেও ইরানের পক্ষ থেকে তা অপর্যাপ্ত আখ্যা দেওয়ায় স্পষ্ট হয়েছে, সমঝোতার ক্ষেত্রে উভয় পক্ষের মধ্যে এখনও বড় দূরত্ব রয়েছে। রেজাইয়ের এই মন্তব্য ইঙ্গিত করে, কূটনৈতিক যোগাযোগ চালু থাকলেও চুক্তি স্বাক্ষরের কোনো সম্ভাবনা এখনই দেখা যাচ্ছে না এবং সমুদ্রপথে অচলাবস্থা অব্যাহত রয়েছে।

সূত্র: গালফ নিউজ