জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মাহির ওয়াসিফ মিতুল (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (১১ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে জয়পুরহাট-বগুড়া সড়কের বানিয়াপাড়া ডালিম ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহির ওয়াসিফ মিতুল জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর শাহলাপাড়া গ্রামের আনোয়ার হোসেন খন্দকারের ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে মিতুল মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বানিয়াপাড়া ডালিম ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।