সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের ব্যস্ততার মধ্যেও স্কারবোরোর মানুষের সঙ্গে আগের মতোই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় সংসদ সদস্য ডলি বেগম।
থ্যাংকসগিভিং উপলক্ষে স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে রোববার (১১ অক্টোবর) দুপুরে ওয়েস্ট স্কারবোরো নেইবারহুড কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ডলি বেগম বলেন, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর কাজের চাপ ও ব্যস্ততার কারণে আগের মতো কমিউনিটিকে সময় দিতে পারেননি। তবে বিভিন্ন মেলা, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে এবং কমিউনিটির পাশে থাকতে চান তিনি।
তাঁকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করায় স্কারবোরোর মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে ডলি বেগম বলেন, কমিউনিটির জন্য কিছু করার তাগিদ থেকেই তিনি রাজনীতিতে এসেছেন। মানুষের কল্যাণে নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করে যেতে চান তিনি।
থ্যাংকসগিভিং উপলক্ষে দেওয়া বার্তায় ডলি বেগম একসঙ্গে কাজ করার স্বপ্নে আস্থা রাখা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আপনারাই স্কারবোরোকে শক্তিশালী করে তুলেছেন।’
আগামী দিনেও কমিউনিটির মানুষের ভালোবাসা, আস্থা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে দলের মন্ত্রী, সংসদ সদস্য, নেতা-কর্মীসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের মানুষ আনন্দঘন পরিবেশে অংশ নেন।