ধনী দেশগুলোর সর্বনিম্ন ১০ শতাংশ মানুষের আয় ভারতের শীর্ষ ১০ শতাংশের চেয়েও বেশি: বিশ্ব ব্যাংক

বিশ্বের কিছু ধনী দেশের সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ মানুষের জীবনযাত্রার মান ভারতের শীর্ষ ধনী ১০ শতাংশ মানুষের চেয়েও অনেক বেশি উন্নত বলে জানা গেছে বিশ্ব ব্যাংকের ২০২৬ সালের দারিদ্র্য ও অসমতা সংক্রান্ত একটি প্রতিবেদনে। সোমবার (১২ অক্টোবর) এনডিটিভির বরাতে জানা গেছে, ভারতের শীর্ষ ধনীদের দৈনিক আয় বা ব্যয়ের হার তুলনামূলকভাবে বেশ কম।

প্রতিবেদনের তুলনা অনুযায়ী, ভারতে সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ মানুষের প্রতিদিনের মাথাপিছু খরচ প্রায় ৩ মার্কিন ডলার। এর বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রে এই অঙ্কটি ২৫ ডলার, কানাডায় ৩১ ডলার এবং জার্মানি ও অস্ট্রেলিয়ায় তা প্রতি ব্যক্তিতে ২৮ ডলার করে রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে, ভারতে যারা সর্বোচ্চ ধনী বা শীর্ষ ১০ শতাংশের মধ্যে অবস্থান করেন, তাদের দৈনিক মাথাপিছু খরচ বা আয় প্রায় ১০ ডলার। অথচ এই একই সূচকে মার্কিন যুক্তরাষ্ট্রে তা বেড়ে দাঁড়ায় ১৭৩ ডলারে, কানাডা ও অস্ট্রেলিয়ায় ১২৯ ডলারে এবং জার্মানিতে ১২৮ ডলারে। অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, ভারতে প্রতি মাসে ৮০ হাজার টাকা উপার্জনকারী ব্যক্তিও দেশের শীর্ষ ১০ শতাংশ আয়ের মানুষের তালিকায় অন্তর্ভুক্ত হন।

ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্টের প্রোগ্রাম অ্যাসোসিয়েট অহনা দত্তগুপ্ত এনডিটিভিকে জানান, এই পরিসংখ্যানটি কেবল দারিদ্র্যের চেয়েও বড় একটি সংকটের কথা নির্দেশ করে, আর তা হলো পুরো অর্থনীতি জুড়েই সাধারণ মানুষের আয় অনেক কম থাকা। তার মতে, ভারতে মাত্র ১০ ডলার খরচ করেই দেশের শীর্ষ দশ শতাংশ ধনী ব্যক্তির কাতারে পৌঁছানো সম্ভব, অথচ কানাডা বা যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশগুলোতে একই পরিমাণ অর্থ একজন মানুষকে সর্বনিম্ন দরিদ্র ১০ শতাংশের তালিকায় ফেলে দেয়।

তিনি আরও বলেন, কেবল দরিদ্র ভারতীয়দের জীবনযাত্রার মান উন্নত করলেই দেশ সমৃদ্ধশালী হয়ে উঠবে না, কারণ দেশের সামগ্রিক আয়ের স্তরই উন্নত বিশ্বের তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। তাই ধনীদের সঙ্গে গরিবদের ব্যবধান কমানোর পাশাপাশি পুরো জনগোষ্ঠীর উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া প্রয়োজন।

উৎপাদনশীলতা বাড়াতে হলে উদ্যোক্তাদের ব্যবসা শুরু করার পথ সহজ করা, যৌক্তিক কর ব্যবস্থা বজায় রাখা এবং অপ্রয়োজনীয় আইনি জটিলতা কমানো অত্যন্ত জরুরি। এর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা সম্ভব হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

সূত্র: এনডিটিভি