সাব্বিরকে নিয়ে হংকং সিক্সেসের দল ঘোষণা বাংলাদেশের 

হংকং সিক্সেস টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টকে সামনে রেখে সাত সদস্যের দল ঘোষণা করা হয়েছে। টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আবু হায়দার রনি। 

এ ছাড়া অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমানও আছেন স্কোয়াডে। আগামী ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত হংকংয়ের টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে হবে ছয় ওভারের এই টুর্নামেন্ট। 

এবারের আসরে অংশ নেবে ১২টি দেশ। বাংলাদেশের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। 'বি' গ্রুপে এই তিন দলের লড়াই থেকে পরের পর্বের পথ তৈরি হবে।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপের শীর্ষ দল মূল শিরোপার সেমিফাইনালে খেলবে। দ্বিতীয় স্থানে থাকা দলগুলো প্লেট প্রতিযোগিতার সেমিফাইনালে উঠবে। আর তৃতীয় স্থানে থাকা দলগুলো খেলবে বোল প্রতিযোগিতায়।

বাংলাদেশ দল: আবু হায়দার রনি (অধিনায়ক), সামিউন বশির, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, মৃত্যুঞ্জয় চৌধুরী, আহরার আমিন, সাব্বির রহমান ও হাবিবুর রহমান সোহান।