ফতুল্লায় এক রাতে আগুনে পুড়লো ২৬টি ঝুটের গুদামের মালামাল

নারায়ণগঞ্জের ফতুল্লায় অগ্নিকাণ্ডে ২৬টি ঝুটের গুদামের মালামাল পুড়ে গেছে। রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার ফতুল্লা থানার বিলাসনগর এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিলাসনগর এলাকার একটি ঝুটের গুদামে প্রথম আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা আশপাশের গুদামগুলোয় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শিবু মার্কেট, নারায়ণগঞ্জ ও হাজীগঞ্জ ফায়ার স্টেশনের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনে ২৬টি গুদামের ঝুটের কাপড়সহ অন্যান্য মালামাল পুড়ে গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।’

পুড়ে যাওয়া কয়েকটি গুদামের মালিক ইমরান হোসেন সাংবাদিকদের বলেন, ‘রাতে হঠাৎ একটি গুদামে আগুন লাগে, পরে তা অন্য গুদামে ছড়িয়ে যায়। গুদামগুলোর সব মালামাল পুড়ে গেছে।’ তার দাবি, সব গুদামের মালামাল পুড়ে এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।