এক ভুয়া টিকিট ১০-১২ জনের কাছে বিক্রি করতেন কালু

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের ভুয়া টিকিট তৈরি করে বিক্রির অভিযোগে রিপন মিয়া ওরফে কালু (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত কালু জেলা শহরের উত্তর মৌড়াইল এলাকার হারুন মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম। এ সময় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম ও সহকারী স্টেশন মাস্টার সাকির জাহান উপস্থিত ছিলেন।

এসআই শাহ আলম জানান, দীর্ঘদিন ধরে কালোবাজারিদের একটি চক্র কম্পিউটারের মাধ্যমে ট্রেনের টিকিটে নাম ও তারিখ পরিবর্তন করে সেগুলোর ফটোকপি তৈরি করে বিক্রি করে আসছিল। একটি টিকিট ১০ থেকে ১২ জনের কাছে বিক্রি করা হতো। এতে ট্রেনে উঠে একই আসনের জন্য একাধিক যাত্রীকে হয়রানির শিকার হতে হতো। এমনকি আসন নিয়ে যাত্রীদের মধ্যে কথা-কাটাকাটির ঘটনাও ঘটেছে।

তিনি আরও জানান, এসব অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে স্টেশনে অভিযান চালিয়ে চিহ্নিত টিকিট কালোবাজারি কালুকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০টি টিকিটে ৮৩টি আসনের ভুয়া টিকিট উদ্ধার করা হয়। এ ছাড়া তার হোয়াটসঅ্যাপেও এ ধরনের আরও ভুয়া টিকিট পাওয়া গেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম বলেন, ওই ব্যক্তিকে অপরাধটি করার সময় হাতেনাতে আটক করা হয়েছে। এ অপরাধে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।