চকবাজারে মার্কেটে আগুন

পুরান ঢাকার চকবাজারে ‘মনজুর খান প্লাজা’ নামে একটি মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। সাততলা ভবনটির ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে ঘন ধোঁয়ার কারণে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনায় কর্মীদের সমস্যায় পড়তে হচ্ছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহত বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কেও এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।