রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট একযোগে কাজ করছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ০২ মিনিটে চকবাজারের ছোট কাটারা এলাকায় এসি মসজিদের পাশের ‘মুনসুর খান প্লাজা’ নামের বহুতল ভবনের ছয়তলায় অবস্থিত একটি দোকানে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে বিকেল ৫টা ০৪ মিনিটে নিকটস্থ ফায়ার স্টেশন থেকে গাড়িগুলো টার্ন আউট করে। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার হওয়ায় ট্রাফিক ও সরু গলি পেরিয়ে বিকেল ৫টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুত নির্বাপণ কাজ শুরু করে।
বর্তমানে সদর দফতর (হেডকোয়ার্টার্স) ও লালবাগ ফায়ার স্টেশনের মোট ৫টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের ভয়াবহতা ও সম্ভাব্য বিস্তারের ঝুঁকি বিবেচনায় পলাশী ফায়ার স্টেশন থেকেও আরও ২টি ইউনিট জরুরি ভিত্তিতে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সব মিলিয়ে ১০টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা রাকিবুল হাসান জানিয়েছেন, পুরান ঢাকার ওই ঘিঞ্জি এলাকায় তাৎক্ষণিক পানির কোনো প্রাকৃতিক বা স্থায়ী উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকর্মীদের চরম বেগ পেতে হচ্ছে। দূর থেকে হোসপাইপ টেনে এবং পানিবাহী গাড়ির মাধ্যমে আগুন নেভানোর সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ কিংবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।