সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে গুরুতর আহত সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের ওয়াপদা কলোনি এলাকার ইত্তেহাদ টাওয়ারের সামনে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাহেব আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাহেব আলীর ওপর হামলার ঘটনায় প্রতিপক্ষের রনি ও আসলামের নাম উঠে এসেছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ইত্তেহাদ টাওয়ারের সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ঘটনার সময় সাহেব আলী উত্তেজিত অবস্থায় ছিলেন। একপর্যায়ে রনি তাকে লক্ষ্য করে মাথায় গুলি করেন। গুলিবিদ্ধ হয়ে তিনি পাশের একটি খালে পড়ে গেলে সেখানেও তাকে লক্ষ্য করে আরও দুটি গুলি ছোড়া হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, তাকে মোট তিনটি গুলি করা হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত ও তথ্য-উপাত্ত সংগ্রহ করে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সাহেব আলীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ২০টি মামলা রয়েছে। এর মধ্যে ডাকাতি ও ছিনতাইয়ের সাতটি, সরকারি কাজে বাধা দেওয়ার পাঁচটি, নাশকতার তিনটি, মাদক ও ছদ্মবেশে ডাকাতির দুটি করে এবং নারী ও শিশু নির্যাতনের একটি মামলা অন্তর্ভুক্ত রয়েছে।