আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সব পদ স্থগিত

ভোলায় ব্যক্তিগত আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনের সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দলটি।

রোববার (১১ অক্টোবর) জেলা শাখার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, ভাইরাল ভিডিওতে আব্বাস উদ্দিনকে এক নারীর সঙ্গে ভিডিও কলে আপত্তিকর অবস্থায় কথা বলতে দেখা যায় বলে দাবি করা হচ্ছে। ভিডিওটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে, তিনি চরফ্যাশন এলাকার একটি কওমি মহিলা মাদ্রাসা পরিচালনা করায় প্রতিষ্ঠানটির পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়দের কেউ কেউ।

ইসলামী যুব আন্দোলনের সাবেক সভাপতি আব্বাস উদ্দিন ভিডিওটি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তার দাবি, ভিডিওটি কয়েক মাস আগের এবং এতে থাকা নারী তার স্ত্রী। ভিডিওটি নিজের মোবাইল ফোনে সংরক্ষিত ছিল জানিয়ে তিনি বলেন, সম্প্রতি ফোনটি হারিয়ে যায়। পরে একটি চক্র অসৎ উদ্দেশ্যে ফোনটি উদ্ধার করে তাকে রাজনৈতিকভাবে হেয় করতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

তবে মোবাইল ফোনে এ ধরনের সংবেদনশীল ভিডিও সংরক্ষণে অসতর্কতা ছিল বলে স্বীকার করেছেন তিনি। তার এসব দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা ও আদর্শের বিষয়ে সংগঠন কঠোর অবস্থানে রয়েছে। ঘটনার তদন্তে ভোলা দক্ষিণ জেলা শাখার সভাপতি প্রফেসর কামাল উদ্দিনকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে।

তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর আব্বাস উদ্দিনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সংশ্লিষ্টরা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার সব সাংগঠনিক পদ স্থগিত থাকবে।